April 23, 2013
..‘এলোমেলো ১ - ৫’..
..‘এলোমেলো ১ - ৫’..
..‘এলোমেলো-১’..
“..একটু বসো -
তোমার ঠোঁটের মতো গোধূলির রঙ হোক;
একটু বসো -
আমার দু চোখ তোমার কায়ার ছায়া হোক!..’’
..‘এলোমেলো-২’..
“..কথার ঠোঁটে ফুটবে কথা
ক্লান্ত হবে ঠোঁট;
ঘুমকাতুরে চোখ খুঁজবে
ঘুম-বিনাশী চোখ!..’’
..‘এলোমেলো-৩’..
“..এই বরং ভুল না হয়ে ভালো হলো
চাপা থাকুক বুকে দ্রোহের অনল
প্রতিধ্বনিত হোক শ্রবণে অস্ফুট গুঞ্জন
আঁধার ঘুমে সূর্য দু চোখ হোক ঢুলুঢুলু!..’’
..‘এলোমেলো-৪’..
“..বালিশে আঁচল বিছানো ছিল
দু চোখে আমার ঘুম ছিল না;
দু ঠোঁটে কথার বর্ষা ছিল
অধরে তোমার ঝরা হলো না!..’’
..‘এলোমেলো-৫’..
“..তখনও ছুঁইনি তোমায়
কাঁপা ঠোঁটে থরোথরো;
তখনও কবিতা ছিল
অবগুণ্ঠিত - জড়সড়!..’’
April 08, 2013
..‘তুমি ভীষণ একা’..
..‘তুমি ভীষণ একা’..
“..তখনও তুমি খুব একা নও
মাঝে মাঝেই যখন তুমি নোনতা জলে ভেজা
ক্ষুদে বার্তায় জানাও তোমার লাগছে ভীষণ একা
তখনও তুমি খুব একা নও!
হৃদয়স্পর্শী;
তোমার উপমাগুলো ধারক-বাহক তোমার একাকীত্বের -
জানো কি তুমি - তুলে ধরে শুধু তোমার সূক্ষ্ম শ্রুতি;
ওগুলোতে নেই - কখনোই ছিল না আন্তর অনুভূতি!
তোমার ভাষায় -
চার দেয়ালে আটকে পড়া পথের খোঁজে বাদুড়ের মতো
পলকহীন চোখে প্রিয়মুখ দেখা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর মতো
অথবা সোপ-কেসে রাখা সুগন্ধি সাবান
অথবা ঝড় - বৈশাখ শুরুর, বাহুবাঁধা তাবিজ - তান্ত্রিক গুরুর
কিংবা উচ্চকিত তর্জনী - ধ্বংসের আহবান;
ছায়া, দীর্ঘশ্বাস কিংবা নিঃসঙ্গ বৃক্ষ
নদী, বিচ্ছিন্ন দ্বীপ কিংবা মৌন পাহাড়
তোমার ভাষায় মাঝে মাঝে তুমি এদেরই মতো খুব একা হও
জানো কি তুমি - আমার ভাষায় তখন তুমি মোটেও একা নও!
যে চার দেয়ালে পথের খোঁজে আটকে পড়েছে একাকী বাদুড়
ওখানে আরও আটকে আছে দাম্পত্য কলহে দুজন মানুষ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা কখনোই জানে না
তাঁদের আগে-পরে এবং কিছু সময় তাঁদের সাথে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হচ্ছে কত জন অগণিত
একটু খেয়াল করলেই সুগন্ধি সাবানে তুমি
খুঁজে পাবে শরীরের ঘ্রাণ
কালবোশেখির আগে এবং পরে বয়ে যাওয়া বাতাস
বাহুতে বাঁধা তাবিজের আগেই মননে বাঁধা কুসংস্কারের বাঁধন
বলে দেয় -
এরা কেউ একা নয়; যেমন শুধু আমার দেশেই নয় -
অনেক উন্নত দেশেও চলছে
ধর্মের সুতোয় বোনা ফিতে দিয়ে লালসার লুঙ্গিকে
বেঁধে রাখার মস্তিষ্কহীন প্রতিযোগিতা!
অস্পষ্ট থেকে স্পষ্টতর ছায়া, শ্বাস-প্রশ্বাসের পরে দীর্ঘশ্বাস
শিকড়ে বিপুল আগাছাসহ বৃক্ষ;
নদী মানেই জননী, দ্বীপ মানেই দৃশ্য এবং অদৃশ্যমানের বিভক্তি
আর পাহাড়?
কান পেতে শোন - আছড়ে পড়বে বুকে এসে
ঝর্ণার কলতান!
এদের কেউই একা নয় যদিও তুমি মাঝে মাঝে ভাবো -
এদেরই মতো খুব একা হও
বলছি তোমায়, আমার ভাষায় তখন তুমি মোটেও একা নও
এদের মতো নয় - অন্য কখনও নয়
তখনই তুমি ভীষণ একা -
‘চাই শুধু তোমাকে’ - উচ্চারণের পর
ভেবে দেখো - তুমি ভীষণ একা!..’’
March 30, 2013
..‘এলোমেলো ১ - ৩’..
..‘এলোমেলো ১ - ৩’..
..‘এলোমেলো-১’..
“..আমি ক্ষণকালের কবি
ক্ষণিক আমার কবিতা সবই;
ঠোঁটে-বুকে তোর বাঁধা পড়ি
ভাঙ্গি তোকে, নিজেকে গড়ি!..’’
..‘এলোমেলো-২’..
“..ও কাজল চোখে কাজল ছিল না
না পাওয়া ছিল - গাঢ়;
ও কালো চোখে নিষেধ ছিল না
আহবান ছিল - আরও!..’’
..‘এলোমেলো-৩’..
“..একাকী লাগে মাঝে মাঝে
জানি আঁচল বিছানো আছে
বারংবার স্নাত হচ্ছে ঠোঁটে রাখা ঠোঁট;
চাইছি না আর - চাইছি আমার
নাম উচ্চারিত হোক!..’’
March 19, 2013
..‘এলোমেলো ১ - ৫’..
..‘এলোমেলো ১ - ৫’..
..‘এলোমেলো-১’..
“..চাইনি বলেই হয়তো তোমায়
আজও খুঁজে পাইনি;
পাইনি বলেই পাবার আশা
মন থেকে হারাইনি!..’’
..‘এলোমেলো-২’..
“..আমারও শ্রাবণ আসে
রোদনে ভরে বুক-চোখ
তবু দেখাই মেঘহীন আকাশ
তবু হই প্রেমি কপোত!..’’
..‘এলোমেলো-৩’..
“..বুঝিনি কখন বদলে গেছে
তোমার আঁচলখানি;
তুমি যাকে প্রেম বলো
আমি তাকে স্পর্শ বলে জানি!..’’
..‘এলোমেলো-৪’..
“..জানি ফিরবে বুকে ঠিকই
তাই সূর্যকে বলেছি - ডুবতে না;
জেনেছি অপেক্ষার নামই প্রেম
প্রাপ্তির নাম - প্রেম না!..’’
..‘এলোমেলো-৫’..
“..সৃষ্টিকর্তা, তোমার কাছে
একটাই অনুরোধ -
চোখ খুললেই দেখি যেন
কাজলরাঙা চোখ!..’’
March 04, 2013
..‘ভয়ংকর এক দুঃস্বপ্ন দেখে’..
..‘ভয়ংকর এক দুঃস্বপ্ন দেখে’..
“..ভয়ংকর এক দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে ফোন করেছিলে তুমি গতকাল মাঝরাতে
ডুবে ছিলাম আমি তখন পাথর দিয়ে বাঁধাই করা কলম যাদুকরের দেয়ালে
আমার নির্লিপ্ততা আত্মসমর্পণ করলো তোমার অদ্ভুত স্বপ্ন, কম্পিত প্রশ্বাসে
তোমার সারা শরীর প্লাবিত হচ্ছিলো ওঁদের ঢেলে দেয়া কেরোসিনে
নারকীয় উল্লাস, প্রতিশোধের হুংকার এবং ক্ষমতার উন্মাদনা নিয়ে
ফেটে পড়ছিলো ওঁদের কণ্ঠ, কেঁপে উঠছিল বাতাস
ওঁদের মুষ্টিবদ্ধ হাতের আঘাতে; বিস্ফোরিত চোখে বিশ্বাসঘাতক কণ্ঠে
তুমি ছিলে অপারগ - অস্তিত্বের প্রকাশক শব্দ উচ্চারণে
তোমার সারা শরীরে ঢেলে দেয়া হচ্ছিলো কেরোসিন
- স্বপ্নে তুমি দেখেছিলে!
যুগ যুগ ধরে পাঠ করা স্তোত্র ঠোঁট গোল করে বাতাসে ছুঁড়ে দিয়ে
ওঁরা তোমার শরীরে ছোঁয়ালো পাঁজরতলে জমানো ঘৃণার বারুদ শলাকা
নিমেষে তুমি রুপান্তরিত হলে চলমান অগ্নিকুণ্ডে;
ঠিকরে পড়তে লাগলো সোনালী আভা
তোমার আর্তচিৎকারের সাথে পাল্লা দিয়ে বেড়ে চললো প্রাপ্তি
তাঁদের আকাংখিতা, পেলবতা, যথার্থতা - ধ্বংসের নিকষ ব্যাপ্তি
সারা শরীরে আগুন তোমার পালন করে যাচ্ছিলো তার ধর্ম ধ্রুব
সারা শরীরে আগুন তোমার - প্রসারিত, লালায়িত, প্রজ্জলিত
বিস্মিত তুমি আগুনের লেলিহান শিখা সারা শরীরে তোমার জ্বলে
- স্বপ্নে তুমি দেখেছিলে!
হঠাৎ তুমি দেখতে পেলে দুর্বিনীত আগুনের শিখা জ্বলছে ঠিকই শরীরে
পুড়ছে না কোনও আঙুল তোমার; পুড়ছে না ত্বক, পায়ের পাতা
হাঁটু - উরু - কোমর - পেট - বুক - গলা - ঠোঁট - চোখ; শুধু পুড়ে পুড়ে
ছাই-ভস্ম হয়ে যাচ্ছে মস্তিষ্ক তোমার ভেতরে ভেতরে!
ভীত নও, তুমি বিস্মিত হয়েছিলে - সুরক্ষিত শরীরে
দহিত মস্তিষ্ক নিয়ে তুমি বিস্মিত হয়েছিলে!
ঘুম ভেঙ্গে তুমি জানতে চেয়েছিলে -
স্বপ্নে তুমি এটা কেন দেখেছিলে!
তোমার পায়ের পাতা, আঙুল - আমার পদ্মফুল
কত অজস্রবার প্রতিদিন জোড়া বাঁধে ঠোঁটেতে আমার
তোমার নিমফুল উরু - প্রাচুর্য আমার অধরের খেলাঘর
তোমার রহস্য দ্বীপ - থরোথরো নাভি আর মসৃণ পেট
দিয়েছে দ্বিধা যতোটা বিনিময়ে নিকটত্ব পেয়েছে অনেক
তোমার বুক - স্বাপ্নিক জোড়া শালিক আমার
তোমার গলা - নাক - চোখ - কপোল আর গুয়ের্নিকা ঠোঁট
ধ্বংস করে প্রতিনিয়ত আমাকে ঢেলে দেয় অমৃত আরক
বুকে হাত দিয়ে একবার বলতে পারবে, শুধু একবার -
বঞ্চিত হয়েছে তোমার শরীরের দৃশ্যমান কোনও অংশ
স্পর্শ আমার ঠোঁটের অথবা বর্ষণ নিঃস্বার্থ - আমার ভালোবাসার?
স্পর্শাহতই শুধু সামর্থে আমার
তাই মিশে আছি সকল অঙ্গ - প্রত্যঙ্গে তোমার
কখনও বোধে বিরাজ করতে পারিনি;
জেনে গেছি বিস্মিত - তুমি নও আমি
তোমার দেখা দুঃস্বপ্নের অর্থ তাই ব্যাখ্যা করিনি
পুড়েছে কপাট লাগানো আমিহীন মস্তিষ্ক তোমার
আমার স্পর্শে স্নাত কোনও অঙ্গ পুড়েনি!..’’
March 03, 2013
..‘এলোমেলো ১ - ৩’..
..‘এলোমেলো ১ - ৩’..
..‘এলোমেলো-১’..
“..তখনও আমি আমার ছিলাম
যখন দু ঠোঁট এগিয়ে দিলে;
তখনই আমি সব হারালাম
যখনই বুকে জড়িয়ে নিলে!..’’
..‘এলোমেলো-২’..
“..ভালোই যাচ্ছে আমায় ছেড়ে
তোমার দিবা-রাতি;
- তুমি তো দেখি আমার মতোই
মস্ত মিথ্যাবাদী!..’’
..‘এলোমেলো-৩’..
“..কথা দিচ্ছি - আজ রাতে
অন্তক্ষরে গান শোনাবো
তোর দু ঠোঁটে ঠোঁট রেখে!..’’
Subscribe to:
Posts (Atom)